রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের ছিকানো বাঙালি এসোসিয়েশনের আয়োজনে প্যারিসের স্থায়ী শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ফ্রান্সের বিভিন্ন সংগঠন একুশের চেতনা ধারণ করে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে।
প্রতিবছরের মতো এবারও প্যারিসের স্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেন্ট দেনিস মেরির মেয়রের প্রতিনিধি দল সকাল ১১টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একে একে বিভিন্ন সংগঠন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সঙ্গে সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
একুশে উদযাপন উপলক্ষে শহীদ মিনারের পাশে একটি বইমেলার আয়োজন করা হয়, যেখানে প্রবাসী লেখকদের বিভিন্ন বইয়ের স্টল স্থান পায়। এছাড়া দেশীয় খাবারের স্টলও ছিল, যা উপস্থিত সকলের নজর কাড়ে। নতুন প্রজন্মের মাঝে একুশের ইতিহাস ছড়িয়ে দিতে একুশের উপর ভিত্তি করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ফ্রান্সে বেড়ে ওঠা শিশুরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়, পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, সভাপতি সরফ সদিয়ল, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, সদস্য সচিব এমদাদুল হক স্বপনসহ সেন্ট দেনিস মেয়রের প্রতিনিধি দল।
শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা একুশের গান পরিবেশন করে। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা একাত্মতা প্রকাশ করে এবং একুশের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।