জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র মইন কাদরির আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবিদের এক চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, লন্ডন সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আড্ডায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবি ব্যারিস্টার তানিয়া আমিরসহ ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে মেয়র মইন কাদরি স্বাগত বক্তব্য রাখেন এবং ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন। এরপর ব্যারিস্টার তানিয়া আমির ব্রিটিশ-বাংলাদেশী আইনজীবি, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবিদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশের সংবিধান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সর্বময় ক্ষমতার মালিক দেশের জনগণ। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধানের কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার এখতিয়ার কারো নেই।” তিনি আরও উল্লেখ করেন, “সংবিধান নিয়ে শপথ নিয়েও সংবিধান ভঙ্গ করা হচ্ছে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অতীতে যেমন ঘটেছে, বর্তমান সরকারের সময়েও তা আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।”
এই আড্ডায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান, বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের ডেপুটি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আজিজুল আম্বিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাংবাদিক শওকত মাহমুদ টিপু, কবি নজরুল ইসলাম ওকিব, সাংবাদিক কামরুল আই রাসেল, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আইনজীবি আবুল বশর, আইনজীবি মাজিব র্যাকমোর ক্রিসম্যান, ব্যারিস্টার তামিয়া সুরি, সমাজকর্মী শিকদার আতিয়ার রসুল কিটন, আইনজীবি বিধান মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও গবেষক দেওয়ান গৌস সুলতান তার গবেষণা গ্রন্থ “বিশ শতকে বাংলাদেশের সাধারণ নির্বাচন” ব্যারিস্টার তানিয়া আমিরের হাতে তুলে দেন।
এই আড্ডা ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে সংবিধান, মানবাধিকার ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। উপস্থিত সকলেই বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথে অগ্রগতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।