প্রবাস মেলা ডেস্ক: নতুন বছর উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নতুন বছরের জানুয়ারি মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারা দেশে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি পালিত হবে। মাসব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতীয় পিঠা উৎসব, লোকনাট্য উৎসবসহ বর্ণিল অনুষ্ঠানমালা। পূর্বের ধারাবাহিকতায় জানুয়ারি মাসজুড়ে চলবে এসব অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ‘ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী’ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত এবং ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ শিরোনামে মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। একাডেমির আয়োজনে ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমি প্রাঙ্গণে ‘জাতীয় পিঠা উৎসব’ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১ জানুয়ারি সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’-এর মাধ্যমে নতুন বছরের কর্মসূচি শুরু হবে। ১৪টি জেলায় জানুয়ারি মাসজুড়ে ৩ দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’ হবে। ‘শিল্পের পথচলায় বৈষম্যহীন নাট্যযাত্রা ২০২৪-২০২৫’ কর্মসূচির আওতায় জানুয়ারি মাসে কুমিল্লা, মুন্সিগঞ্জ, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও যশোরে নাটক মঞ্চায়িত হবে।
১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজিত হবে।