প্রবাস মেলা ডেস্ক: ৪ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। তার সঙ্গে দেশটির ১৯ সদস্যের একটি প্রতিনিধি দলও রয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
এদিন বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা।
সফরসূচি অনুযায়ী, রোববার (১৫ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে একই দিন দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। এরপর দুই দেশের প্রতিনিধি দলকে নিয়ে বৈঠকে বসবেন তারা।
পরবর্তীতে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস ও জোসে রামোস হোর্তা। এদিন দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।