রাশেদ কাদের, আম্মান, জর্ডান থেকে: ১৪ ডিসেম্বর ২০২৪ যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জর্ডানে বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও জর্ডানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এ উপলক্ষ্যে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিবসটির গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনের এক অনন্য দিন, যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে।
অনুষ্ঠানের শেষ অংশে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।