প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাস মেলা’র উপদেষ্টা, আবৃত্তিকার এবং টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ। এই সাক্ষাতে পর্যটন শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
আলোচনার একপর্যায়ে মামুন ইমতিয়াজ প্রবাস মেলা’র সৌজন্য কপি আবু তাহের মুহাম্মদ জাবেরের হাতে তুলে দেন। প্রবাস মেলা হাতে পেয়ে আবু তাহের মুহাম্মদ জাবের পত্রিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আবু তাহের মুহাম্মদ জাবের ১৯৯৪ সালে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ সচিবের ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন।
তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া সরকারি কাজে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভ্রমণ করেছেন।
বৃন্দাবন সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু তাহের ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানীর কোট গ্রামের বাসিন্দা এবং বুয়েটের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম এ রশিদের ভাতিজা আবু তাহের মুহাম্মদ জাবের সম্প্রতি গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন।