প্রবাস মেলা ডেস্ক: চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিশেষ প্রতিনিধি দল। আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এ দলের নেতৃত্বে রয়েছেন।
চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিশেষ প্রতিনিধি দল। আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এ দলের নেতৃত্বে রয়েছেন। তার সঙ্গে মার্কিন শ্রম বিভাগের পক্ষে রয়েছেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।
প্রতিনিধি দলটি গতকাল সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করে। দুপুরে বৈঠক হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যেই প্রতিনিধি দলটি এ সফরে এসেছে।
জানা গেছে, প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। একই সঙ্গে তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা করবে। এর মধ্যে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় শ্রমিক সংগঠনের স্বাধীনতাসহ বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনের সংস্কার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে, তৈরি পোশাক খাতে দীর্ঘদিন থেকে চলমান অস্থিরতা বন্ধে জোর দেবে ওয়াশিংটন।
পররাষ্ট্র দপ্তর জানায়, এ সফরে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোর দেয়া হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি করিম এ খান চার দিনের সফরে আগামী সোমবার ঢাকা আসবেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলা বিচারাধীন। এর তদন্তকাজ ও তথ্য-প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে করিম এ খান বাংলাদেশ সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।