প্রবাস মেলা ডেস্ক: নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’
মূলত আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে পাঁচজনকে আটকের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই লেখাটি লিখেছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার পরে তিনি এই স্ট্যাটাসটি দেন। এর আগে একইদিন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে আটক করা হয় শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীরকে। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদি ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক। বাকিরা সবাই সদস্য।
পরে হাসনাত লিখেছেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’
এদিকে এ ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।