প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চার সদস্য শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বুধবার (০৬ নভেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা।
পিএসসির নতুন চার সদস্যের নাম হলো- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন করে আরও পাঁচ সদস্যকে নিয়োগ দেয়া হয়। এর আগে, পিএসসি চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি আরও চার সদস্যকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, জহিরুল ইসলাম ভূইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং ড. এম সোহেল রহমান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। একই সঙ্গে ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। পরে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।
সূত্র বাসস।