প্রবাস মেলা ডেস্ক: ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর নিশানা করে একটি রকেট ছোড়ার কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইরানপন্থী গোষ্ঠীটি এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে সেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া এটি শনাক্ত করার পরপরই তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মধ্য ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা নির্দেশনায়ও কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বলেছেন, হিজবুল্লাহ লেবাননের একটি গ্রাম এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে তাদের নিশানা কী ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি বলেন, একটি ভারী ক্ষেপণাস্ত্র তেল আবিবের দিকে, তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। মোসাদের সদরদপ্তর সেই এলাকায় নয়।
প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।
সোমবার সকাল থেকে ইসরায়েলের আক্রমণে ৫৬৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন শিশু রয়েছে। এ ছাড়া ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন।
হিজবুল্লাহও চুপ করে বসে নেই। ইসরায়েলের হামলার জবাবে তাদের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। যদিও গত সপ্তাহে হাজার হাজার পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কিছুটা চাপে রয়েছে প্রতিরোধ যোদ্ধাদলটি।
ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা ঘিরে এখন বড় যুদ্ধের দ্বারপ্রান্তে লেবানন। এখনো সর্বাত্মক যুদ্দের ঘোষণা না দিলেও দুপক্ষই একে-অন্যকে নিশানা করে হামলা করছে। তাদের এই পাল্টাপাল্টি থেকে বাঁচতে দক্ষিণ লেবানন ছাড়ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন।