প্রবাস মেলা ডেস্ক: জোরপূর্বক অন্তর্ধান বা গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপদেষ্টারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
চুক্তিতে স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উপলক্ষ্য। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত প্রতিটি গুমের ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার।’