প্রবাস মেলা ডেস্ক: হঠাৎই করোনায় আক্রান্ত হন সাত দশকের লাস্যময়ী অভিনেত্রী ববিতা। টানা চারদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে এই মুহূর্তে বাড়িতে অবস্থান করছেন তিনি।
সংবাদমাধ্যমে ববিতার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন তার ছোট বোন চিত্রনায়িকা চম্পা। বোনের অসুস্থতা প্রসঙ্গে চম্পা বলেন, শরীরের বিভিন্ন স্থানে ব্যথায় অস্বস্তিবোধ করছিলেন আপা। জ্বর ছিল না। অসুস্থতার কারণ খুঁজতে বিভিন্ন টেস্ট করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। দেরি না করে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, দেশের চলমান কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা।
এ প্রসঙ্গে চম্পা বলেন, একদিকে দেশের সার্বিক অবস্থা ভালো না আর অন্যদিকে আপা করোনায় আক্রান্ত। আমরা প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। পরে বড় আপার (অভিনেত্রী সুচন্দা) সাথে কথা বলে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়। চারদিন চিকিৎসা শেষে আপার করোনা নেগেটিভ হয়। তবে শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটাতে পারেননি।
প্রসঙ্গত, এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। তবে গতবারের তুলনায় এবার বেশি কষ্ট পেয়েছেন তিনি। হঠাৎ করোনায় আক্রান্ত হওয়ায় কানাডায় যাওয়ার টিকিটও বাতিল হয়েছে অভিনেত্রীর। এ কারণে একমাত্র ছেলের সঙ্গে দেখার করার সুযোগও পাচ্ছেন না ববিতা।