প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রীসভায় ২২ জন এমপিকে নিয়োগ দিয়েছেন। যার মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। তবে এদের মধ্যে সবচেয়ে মনোযোগ আকর্ষণ করেছে অর্থমন্ত্রীর পদটি। কারণ এই পদে নিয়োগ দেয়া হয়েছে র্যাচেল রিভসকে। এর মাধ্যমে বিগত ৮০০ বছর পর এই প্রথম অর্থমন্ত্রী পদে নারী সদস্য পেয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরাঙ্কুশ জয় পায় বিরোধি দল লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৪১২টি আসনে জয় পায় কিয়ার স্টারমারের দল। অন্যদিকে এ নির্বাচনে ধরাশায়ী হয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তারা এবার পেয়েছে ১২১টি আসন।
নির্বাচনে ভরাডুবির পর ঋষি সুনাক প্রধানমন্ত্রী হিসেবে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগ করেন। তার পদত্যাগের পরই বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করেন স্টারমার। সেখান থেকে সরকার গঠনের অনুমতি পেয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে জাতির উদ্দেশে ভাষণ দেন। এরপরই শুরু হয় তার মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া।
প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ শুক্রবারই ২২ সদস্যের মন্ত্রিসভার গঠনের কথা জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
নতুন সরকারে অ্যাঞ্জেলা রায়নারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড লামি।
এছাড়া যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইভেত্তে কুপার। প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি, শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রিজেত ফিলিপসন, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্যমন্ত্রী, লিজ কেন্ডাল শ্রম ও পেনশন, স্টিভ রিড পরিবেশমন্ত্রী, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি–বিষয়কমন্ত্রী, লিসা নন্দী সংস্কৃতি–বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়েস স্ট্রিটিং, পরিবেশ মন্ত্রী লুইস হাইগ এবং পরিবেশ মন্ত্রী হয়েছেন স্টিভ রিড।
সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান ।