প্রবাস মেলা ডেস্ক: প্রচণ্ড গরমের কারণে এক সপ্তাহ ছুটির পর খুলছে প্রাথমিক বিদ্যালয়। রোববার (২৮ এপ্রিল) থেকে শুরু হবে ক্লাস। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে।
প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
শনিবার (২৭ এপ্রিল) উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।
বিজ্ঞপ্তিতে বেশি কিছু নির্দেশনা দেয়া হয়েছে-
# এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
# দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
# তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।
# উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।
# পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক্-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।
চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।