প্রবাস মেলা ডেস্ক: সাম্প্রতিক জান্তা-বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে মিয়ানমারের যেসব নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। ইতোমধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শরণার্থীদের প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। এক্সে করা পোস্টে তিনি বলেন, ‘মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শুক্রবার) এই নাগরিকদের প্রথম ব্যাচটিকে ফেরত পাঠানো হচ্ছে।’
এক্সে বীরেন সিং আরও বলেন, ‘ভারত ১৯৫১ সালের রেফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে ভারতের সরকার।’
এই বার্তার পাশাপাশি এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। যেখানে মিয়ানমারের নাগরিকদের একটি দলকে সীমান্ত পেরিয়ে চলে যেতে দেখা গেছে। ফিরে যাওয়াদের অধিকাংশ সদস্য নারী এবং শিশু।