রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস জর্ডান এ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। কার্যক্রমের শুরুতে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (CDA a.i.) জনাব শাহেদ বিন আজিজ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
এরপর জনাব শাহেদ বিন আজিজ, দূতাবাসের কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও জর্ডানিয়ান অতিথিদের সঙ্গে নিয়ে দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দূতাবাসের কর্মকর্তারা মহান শহিদ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন।
আলোচনা সভায় জর্ডানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা বক্তব্য রাখেন। জনাব শাহেদ বিন আজিজ তাঁর বক্তৃতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আজ পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাংলা ভাষা। বাংলা ভাষার সমৃদ্ধির কথা উল্লেখ করে তিনি সকল প্রবাসীদের বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার আহবান জানান। সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।