প্রবাস মেলা ডেস্ক: বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার (১২ জানুয়ারি) রাতেই জানিয়েছেন নিজের বিয়ের খবর। এদিন রাত সাড়ে ৯টায় ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবিতে একটি মেয়ের হাত উঁচু করে ধরে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রাখতে দেখা গেছে তাকে। আর কিছুটা দূরে ঝাপসা হয়ে আছে পাত্রীর মুখ। এরপরই আলোচনায়, কে এই পাত্রী?
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। মিডিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। বিয়ের আগে দেড় বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছে।
এর আগে অভিনেতা বিয়ের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।’ এরপরই একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। আর নিচে উল্লেখ করেছেন, জীবনের বিশেষ এই দিনটির তারিখ।
এরপর রাত সোয়া ১০টার দিকে আরও একটি ছবি পোস্ট করেন জোভান। যেখানে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিজ্ঞাবদ্ধ যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই ভালোবাসবো তোমায়।’