প্রবাস মেলা ডেস্ক: ২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জেসিন্ডা আরডেন। এবার প্রাইভেট এক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের পার্টনার ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। এ জন্য রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হক’স বে’তে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত কয়েক ডজন অতিথির সামনে ৫ মিনিট বক্তব্য রাখেন মিস আরডেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
২০২২ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাদের। কিন্তু তখন দেশজুড়ে কোভিড মহামারির প্রেক্ষাপটে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাসিন্দ আরডেনের সরকার। ফলে তখন তাকে বিয়ে বাতিল করতে হয়। এক দশক ধরে এই যুগল একসঙ্গে অবস্থান করছেন। এ সময়ে তাদের একটি মেয়ে হয়েছে। তার নাম রাখা হয়েছে নেভে। এখন তার বয়স ৫ বছর।
বিয়েতে জেসিন্দা আরডেন পরেছিলেন ডিজাইনার জুলিয়েটে হোগানের ডিজাইন করা একটি ধবধরে সাদা গাউন। এই ডিজাইনার সাবেক প্রধানমন্ত্রী আরডেনের ঘনিষ্ঠ বন্ধু। আরডেনের জুতা নেয়া হয়েছে ক্যাওয়াস অ্যান্ড হারমোনির ডিজাইনের মাউন্ট মুঙ্গানাউ থেকে। মেয়ে নেভে বিয়ের অনুষ্ঠানে তার পিতার সঙ্গে হেঁটে আসে। নানী লরেল আরডেনের বিয়ের পোশাক দিয়ে তৈরি করা একটি পোশাক পরেছিল নেভে।
জেসিন্দা আরডেনের বয়স ৪৩ বছর। তিনি কমপক্ষে ৫ বছর নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। অবশেষে তিনি গত জানুয়ারিতে ঘোষণা দেন পদত্যাগের। নেতৃত্ব দেয়ার ধরনের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বিশেষ করে ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে যে ভয়াবহ হামলা হয় এবং তার প্রেক্ষিতে তিনি যে ভূমিকা নেন, তার প্রশংসা করা হয় বিশ্বজুড়ে।