প্রবাস মেলা ডেস্ক: গাজার নুসিরাত ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। খবর আল-জাজিরা
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার মধ্য গাজায় স্থল অভিযান প্রসারিত করেছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি কেন্দ্রীয় গাজা ও খান ইউনিস ছেড়ে পালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস ঘেব্রেইসাস জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের গাজায় মানবিক করিডোর তৈরির কথা পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ইসরায়েলি হামলার পর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র তাল আল-জোহোর পাড়া থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও অনেক মাস’ চলবে। তেল আবিব জানিয়েছে, তারা মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।