প্রবাস মেলা ডেস্ক: লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকারটি ভারতে আসছিল এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুতি এটিতে ড্রোন হামলা চালায়। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি হামলাকারী ড্রোন লোহিত সাগরে ভারতগামী একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে আঘাত হেনেছে বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।
হামলার শিকার এই ট্যাংকারের নাম এম/ভি সাইবাবা। গ্যাবনের পতাকাবাহী এই ট্যাংকারে ভারতীয় আরোহীরা অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এম/ভি সাইবাবা নামের গ্যাবনের পতাকাবাহী এই ট্যাংকারে ভারতীয়রা আছেন এবং হামলায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু হামলার পর ওই এলাকায় থাকা একটি মার্কিন জাহাজে জরুরি বার্তা পাঠিয়েছে তারা।
এনডিটিভি বলছে, শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। এর আগে একইদিন ভারতের গুজরাট উপকূলে আরব সাগরে একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে।
হামলার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতরের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান।
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথমবারের মতো কোনো হামলার পেছনে ইরানকে সরাসরি দায়ী করল যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, ভারতের পশ্চিমের রাজ্য গুজরাট উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। হামলা পর বিস্ফোরণে জাহাজে আগুন ধরে গিয়েছিল। আগুনে জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সেটিতে থাকা প্রায় ২০ জন ক্রুর সবাই অক্ষত আছেন।
গত ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলগামী পণ্যবাহী জাহাজগুলোতে নিয়মিত হামলা করছে ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এবং ইসরাইলকে বাণিজ্যিকভাবে চাপে ফেলতেই এসব পণ্যবাহী জাহাজে হামলা করছে।