প্রবাস মেলা ডেস্ক: গুণী নির্মাতা কাজী হায়াৎ’র পুত্র কাজী মারুফ তার প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। একইসঙ্গে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করলেও পরে প্রবাসে স্থায়ী হন। চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দীর্ঘদিন হলো ব্যবসায় মন দিয়েছেন তিনি। কিন্তু আবারো সিনেমায় অভিনয়ের ইচ্ছাপোষণ করলেন এই অভিনেতা। ১০ বছর আগে ‘রাজা গোলাম’ নামে সিনেমার শুটিং শুরু করা একটি সিনেমা আবার নতুন করে নির্মাণ করে সিনেমার পর্দায় ফিরতে চান এই অভিনেতা।
ইতিপূর্বে কাজী মারুফের প্রযোজনায় এই সিনেমার পরিচালক ছিলেন বিদ্যুত। এবার নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে। পাশাপাশি পরিবর্তন হয়েছে গল্প ও পরিচালকের। কাজী হায়াৎ এটি নির্মাণ করবেন। জানা গেছে, ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমণির কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।
আও জানা গেছে, আগামী জানুয়ারির শেষের দিকে দেশে ফিরবেন মারুফ। যদি সব ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমণিকে চুক্তিবদ্ধ করব।’