প্রবাস মেলা ডেস্ক: রাজনীতিতে যোগ দিয়েই জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে প্রার্থী হয়েছেন এই গায়িকা।
কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য ফোনকল ও ম্যাসেজসহ বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ডলি সায়ন্তনী। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি।
সোমবার নোঙর প্রতীক পাওয়ার পর এ অভিযোগ করে সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তারক্ষীর আবেদন করছেন এই গায়িকা। অভিযোগপত্রে ডলি উল্লেখ করেন, তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। প্রার্থী হওয়ায় ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা করছে।
তাই তিনি নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছেন। এই গায়িকা বলেন, আমাকে সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছেন।