প্রবাস মেলা ডেস্ক: বছরের শেষ সময়ে চমক দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিক। বিজয় দিবস উপলক্ষে শনিবার অন্তর্জালে প্রকাশিত হয় সাইমন অভিনীত ছবি ‘শেষ বাজি’র ফার্স্টলুক পোস্টার। আর সেখানেই ‘পোড়ামন’খ্যাত এই নায়ককে নতুন লুকে চমকে গেল সবাই। যা অন্তর্জালে আসার পর নজর কাড়ছে নেটিজনদের। চারপাশ ধূসর, তাস উড়ছে, পোড় খাওয়া চেহারায় সিগারেট ধরাচ্ছেন এক যুবক। তার মুখ ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, দুহাত ভরা হরেক রকম ব্রেসলেটে। পুরো লুকটি এমন মারদাঙ্গা। প্রথম দর্শনে চেনার উপায় নেই কে তিনি। পরিচালক মেহেদি হাসান নির্মাণ করেছেন ‘শেষ বাজি’, যা গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। প্রকাশিত ফার্স্টলুকে গল্পের কিছুটা আভাস পাওয়া যায়, মানুষের জীবনে জুয়া খেলার প্রভাব থ্রিলার গল্প উঠে এসেছে ‘শেষ বাজি’তে।
জাতীয় নির্বাচনে ঠিক ১২ দিন পর অর্থাৎ ১৯ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। এই নায়কের হতে পারে এটাই বছরের প্রথম ছবি। সাইমন জানান, ‘ছবিজুড়ে প্রেমের সংলাপ নেই, তিনটি গান থাকলেও রোমান্টিকের কিছু নেই। যা আছে পুরোটাই গল্পের ডিমান্ড এবং সিচুয়েশনাল গান। ট্রেলার এলে অনেকে গল্প আন্দাজ করতে পারবে, কিন্তু সিনেমা হলে দেখলে অন্য এক গল্পের মুখোমুখি হবে। কাজটি নিয়ে আমি কনফিডেন্ট।’ ‘শেষ বাজি’ প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল, কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। সাইমন ছাড়াও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।