জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার ইস্ট লন্ডনের সর্ববৃহৎ হল দি রয়েল রিজেন্সিতে ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।
সংগঠনের সভাপতি মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর রেডব্রিজ কাউন্সিলের মেয়র, নিউ হাম কাউন্সিলের ফাস্ট সিটিজেন, কাউন্সিলর, বার্কিং এন্ড ডেগেনহাম-এর কাউন্সিলর, কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার দর্শক।
সংগঠনের এডমিন শাহনাজ রত্না সহ মডারেটগণের তত্ত্বাবধানে এবং মিডিয়া পার্টনার আইঅন টিভির সহযোগিতায় চমৎকার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসংখ্য পিঠার স্টল, দেশীয় পোশাক এবং কুটির শিল্প, গহনা সহ বিভিন্ন ধরনের আয়োজন বাঙালিদের মনে ছোট্ট একটি বাংলাদেশের আমেজ তৈরি করে। ছোট্ট সোনামণিদের কবিতা আবৃত্তি, গান, চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সহ মঞ্চে নাচ, গান, ফ্যাশন শো এবং বিভিন্ন ধরনের আয়োজনে সবার মধ্যে এক ধরনের উৎফুল্লতা অনুভব করতে দেখা যায়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কবি-সাহিত্যিক এবং কমিউনিটির জন্য বিশেষ অবদান রাখা কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।