প্রবাস মেলা ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে। খবর স্কাই নিউজ।
রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) রাতে আইফের টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা করে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। তিনি আরও বলেছেন, হামলার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বলেছে, নিহত ওই ব্যক্তি জার্মানির নাগরিক এবং হামলার সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া আহতদের জরুরি সেবা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, অভিযুক্ত হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেন। পরে পুলিশকে তিনি জানান, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে তিনি বিরক্ত।
দারমানিন বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনার দায়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একইসঙ্গে ফরাসি নিরাপত্তা দলগুলোর নজরদারি তালিকায়ও ছিলেন তিনি। দারমানিন আরও বলেন, হামলাকারী ওই লোকটি মানসিক রোগে ভুগছিলেন বলেও জানা গেছে।