প্রবাস মেলা ডেস্ক: সিদ্দিকুর রহমান একজন নাট্য অভিনেতা। বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পেয়েছিল। বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।
একটি অনলাইন নিউজ পোর্টালে সাক্ষাৎকার প্রদানকালে তিনি বলেন, শিল্পীদের ভেতর অধিকাংশই বিএনপি। নদীর স্রোত যেদিকে চলছে শিল্পীরাও সেদিকে চলছে বলেও জানান তিনি। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ ১৫ বছর ধরে রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই এখন শিল্পীদের মধ্যে শতকরা ৯০ ভাগই আওয়ামীলীগ করে। তিনি জানান, ভালো করে খোঁজ-খবর নিলে জানা যাবে, শিল্পীদের মধ্যে এখন যারা আওয়ামীলীগ করে তাদের অধিকাংশই বিএনপি’র সাথে জড়িত। তিনি শতভাগ নিশ্চিত দাবী করে বলেন- শিল্পীদের মধ্যে বেশিরভাগই বিএনপি। তিনি আরও বলেন- কোন শিল্পী আওয়ামীলীগ পরিবার থেকে এসেছেন আর কোন শিল্পী অন্য কোন রাজনৈতিক দলের আদর্শ থেকে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব জানেন। আমি সিদ্দিকুর রহমান আমার জন্মলগ্ন থেকেই আমি আমার বাবার মুখ থেকে জয় বাংলা শুনেছি। সিদ্দিকুর রহমান আরও বলেন- আমি আওয়ামীলীগ পরিবার থেকে বেড়ে উঠেছি। এখন অভিনেতা হলেও ব্যাক টু দ্য প্যাভিলিয়নে আবারও ফিরেছি। অতএব আমি মনে করি বাবার হাতে যে ঘড়ি পড়ানো সেই ঘড়ির টাইম বা সেই জায়গা থেকে আমি কখনও সরতে পারবো না। তিনি আরও বলেন, শিল্পীদের মধ্যে অনেকেই ছদ্মবেশি আওয়ামীলীগ করছে।