মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ঢাকা চেম্বারের এ প্রতিনিধি দলের ১ নভেম্বর ২০২৩, বুধবার মক্কা চেম্বার অব কমার্স এর সাথে বিটুবি ম্যাচ মেকিং সেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মক্কা চেম্বারের বোর্ড সদস্য। এসময় ঢাকা ও মক্কা চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মক্কা চেম্বার অফ কমার্সের বোর্ডের সদস্য আবদুল্লাহ গাদী বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেরই আরও অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদের বহুমুখী ব্যবহার ও বিনিয়োগের দারুণ সম্ভাবনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শীঘ্রই বাংলাদেশী বিনিয়োগকারীরা সৌদি আরবের বিনিয়োগের বড় অংশীদার হবেন। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং মক্কা চেম্বার অফ কমার্সের মধ্যে ব্যবসায়িক বৈঠক এবং বিটুবি ম্যাচ মেকিং সেশন অনুষ্ঠানে এ কথা বলেন।
আগামীতে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও দৃঢ় করার লক্ষ্যে মক্কা চেম্বার অব কমার্স এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে মক্কা চেম্বার অব কমার্স বোর্ডের সদস্য আবদুল্লাহ গাদী ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার স্বাক্ষর করেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে ৬১টি বাংলাদেশি কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত বেসরকারি খাতের বৃহত্তম ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছেন।
বাংলাদেশের অর্থনীতি বিগত এক দশকে তার বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে এবং বিদ্যমান নানা প্রতিকূলতা মোকাবেলা করে ক্রমবর্ধমান রয়েছে। বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে, কাজেই শুধু বাজার বৈচিত্র্য নয়, পণ্য বৈচিত্র্যও প্রয়োজন। তিনি আরও বলেন সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তবে এই সংখ্যাটি অন্তর্নিহিত অফুরন্ত সম্ভাবনাকে সবটুকু প্রতিফলিত করে না।
বাংলাদেশের বিনিয়োগকারীরা বিশেষ করে আইটি, কৃষি পণ্য, অবকাঠামো, নির্মাণ ও রিয়েল এস্টেট, জ্বালানি ও বিদ্যুৎ, গার্মেন্টস পণ্য, সিরামিক পণ্য, পর্যটন ও আতিথেয়তা, ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছেন এবং তারা সবাই তাদের সৌদি আরবের সাথে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। পরে তিনি সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের উল্লেখ করে স্মার্ট ফার্মিং, আইটি, ফিনটেক, লজিস্টিকস এবং অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।
এসময় উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেট জেনারেল বাংলাদেশ এর কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা সহ ঢাকা চেম্বার ও মক্কা চেম্বার অফ কমার্স এর প্রতিনিধিরা।