প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দারুণ সময় পার করছেন। তার প্রতিটি কাজ দর্শক সমাদৃত হচ্ছে। হাতে রয়েছে অনেক ধরনের এক্সাটিং কাজ। বর্তমানে দেশজুড়ে সিনেমা হলে চলছে তার অভিনীত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। এখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। বরাবরের মতো এই চরিত্রেও চঞ্চল প্রসংশিত। সামগ্রিকভাবে ছবিটিও খুব ভালো সাড়া পাচ্ছে দর্শকের।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের সব ছবিতে কেন্দ্রীয় অভিনেতা হিসেবে কাজ করেছি। তাই হয়ত বঙ্গবন্ধুর বায়োপিকে শুরুতে আমার কথা ভাবা হয়নি। একেবারে শেষদিকে আমাকে অডিশনে ডাকা হয়। শিল্পীর তালিকা চূড়ান্ত হলেও আমার নাম সেখানে ছিল না। আমাকে নির্বাচন করা হয়েছে এ কথা আমি জানতে পারি আরও অনেক পরে। ছবিতে আমার চরিত্রের ব্যাপ্তি অনেক কম সে কথা জেনেই কাজ করেছি। আমি বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করেছি। বঙ্গবন্ধুর জীবনে নিজের বাবার ভূমিকা কতোখানি গুরুত্বপূর্ণ সেকথা নতুন করে বলার দরকার নেই। তাছাড়া শ্যাম বেনেগালের মতো নির্মাতা ছবিটি করেছেন। সবমিলিয়ে এটি শুধু একটি সিনেমা নয়, এটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। আমিও সেই ইতিহাসের অংশ হয়ে থাকার জন্য ছবিটি করেছি। দর্শক এতো ভালোবাসা দিচ্ছেন দেখে সত্যি মনটা ভরে গেছে।’
এরই মধ্যে চঞ্চল আরেকটি সুখবর দিলেন। তাঁর ফেসবুকে তিনি দুটি ছবি পোস্ট করে জানান, তাঁর অভিনীত কলকাতার সিনেমা ‘পদাতিক’ নির্বাচিত হয়েছে লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। মৃণাল সেনের অন্যতম আলোচিত সিনেমা ‘পদাতিক’। সত্তরের দশকে মুক্তি পাওয়া এ সিনেমার নামে এ বছর তৈরি হয়েছে মৃণাল সেনের বায়োপিক। বানিয়েছেন সৃজিত মুখার্জি। এতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হবে ইউরোপে দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত সবচেয়ে বড় উৎসব লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইংল্যান্ডের ৪ শহর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লিডসে অনুষ্ঠিত হবে এ উৎসব।
নির্মাতা সৃজিত মুখার্জি জানিয়েছেন, উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে পদাতিক। এ খবরে উচ্ছ্বসিত অভিনেতা চঞ্চল চৌধুরী। গতকাল তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান তার ভক্তদের।
বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ বিষয়। তবে খবরটি আমি জেনেছি মাত্র কয়েক দিন আগে। তাই উৎসবে থাকতে পারছি না। কারণ যে সময়ে লন্ডন ইন্ডিয়ান উৎসবে ‘পদাতিক’ দেখানো হবে, ওই সময়ে আমার একটি শুটিং পড়ে গেছে।’ তবে উৎসবে না থাকতে পারলেও পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছেন চঞ্চল।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে এ বছর। তাকে উৎসর্গ করে তিন পরিচালক বানিয়েছেন তিনটি সিনেমা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘পালান’, যেটা তৈরি হয়েছে আশির দশকে মৃণালের বানানো ‘খারিজ’ চলচ্চিত্র অবলম্বনে। ‘চালচিত্র এখন’ নামে আরেকটি সিনেমা বানিয়েছেন মৃণাল সেনের দীর্ঘদিনের কাজের সঙ্গী অঞ্জন দত্ত। অন্যটি ‘পদাতিক’।
সিনেমাটি নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের এ চারটি সত্তা পদাতিক সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’
এ বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় সিনেমাটির শুটিংয়ে অংশ নেন চঞ্চল চৌধুরী। তার আগে প্রকাশ করা হয় মৃণালরূপে চঞ্চলের কয়েকটি লুক। চঞ্চলের সে লুক দেখে মুগ্ধ হন দর্শকরা। তখন চঞ্চল জানিয়েছিলেন, নিজেকে চিনতে নিজেরই কষ্ট হচ্ছে তাঁর।
মৃণাল সেনের লুকের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা মৃণাল সেন নাকি আমি! সত্যিটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে।’
সামনেই চরকীতে মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘মনোগামী’। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী জেফার রহমান।’