প্রবাস মেলা ডেস্ক: হোটেল থেকে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস। সোমবার (১৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ক্ষমা চান তিনি। রোববার (১৫ অক্টোবর) পুনের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সংগ্রহের জন্য যান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। সেখানে অবস্থান করছে টাইগার বাহিনী। কিন্তু টিম হোটেলে সাংবাদিকদের দেখে মেজাজ হারান লিটন। এরপর নিরাপত্তারক্ষীদের ডেকে তিনি তাদের মাধ্যমে সাংবাদিকদের হোটেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও আইসিসির পক্ষ থেকে সেখানে সংবাদ কাভারের অনুমতি ছিল গণমাধ্যমকর্মীদের।
পরে এ ঘটনায় লিটন দাস সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান।
লিটন লিখেছেন, ‘গতকাল (রোববার) টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পর্যদুস্ত টাইগাররা। সময়টা ভালো যাচ্ছে না লিটনেরও। ফর্মহীনতায় ভুগছে এ ব্যাটার। সহকারী অধিনায়কের দায়িত্ব থেকে ভার মুক্ত হয়েও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের একটি দারুণ ইনিংস খেললেও আফগানিস্তানের বিপক্ষে ১৩ আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন গোল্ডেন ডাককে সঙ্গী করে। টপ অর্ডারে অভিজ্ঞ এ ব্যাটারের ব্যর্থতায় রান খরায় ভুগছে বাংলাদেশও।
আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন এ লড়াইকে সামনে রেখে ১৭ ও ১৮ অক্টোবর অনুশীলন করবেন টাইগাররা। তার আগে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্রামে থাকবে চান্ডিকা হাথুরুর শিষ্যরা।