প্রবাস মেলা ডেস্ক: শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ১০ অক্টোবরের মধ্যে অন্তত ৪০ কানাডীয় কূটনীতিককে দিল্লি থেকে সরিয়ে নেয়ার সময় বেঁধে দিয়েছিল ভারত। এরইমধ্যে নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশিরভাগ কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছে কানাডা। ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে।
সিটিভি নিউজ জানিয়েছে, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা ৪১ করতে হবে। তবে সিটিভি নিউজের সূত্রগুলো বলেছে, কূটনীতিকদের সংখ্যা সমান করতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডিয়ান কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নেয়া হয়েছে।
চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়।
এ ঘটনার চার মাস পর গত ১৮ সেপ্টেম্বর কানাডা পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ওই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। সেই সঙ্গে এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া।
তবে ভারত কানাডা সরকারের এই অভিযোগ অস্বীকার করে। সেই সঙ্গে পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার এক কূটনীতিক বহিষ্কার করে। এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
এদিকে শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিরুদ্ধে কানাডার তোলা অভিযোগ তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগটি বেশ ‘গুরুতর’। এটা তদন্ত হওয়া প্রয়োজন।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবির সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেও হারদীপ সিং হত্যার বিষয়টি উঠে আসে।
বৈঠকের পর কিরবি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি মিমাংসার জন্য দেশ দুটির ওপর ছেড়ে দিয়েছি। তারাই দ্বিপাক্ষিক আলোচনার মধ্যদিয়ে এর সমাধান করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে, এটা একটা গুরুতর অভিযোগ। এটা পরিপূর্ণভাবে তদন্ত হওয়া দরকার। যেটা আমরা আগেও বলেছি। আমরা ভারতকে এই তদন্তে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অনুরোধ করছি।’