প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন রন্ধনশিল্পী তানিয়া শারমিন। প্রবাস মেলার কলা-কুশীলবদের সাথে আড্ডা, চা-চক্র এর ফাঁকে ফাঁকে তিনি বলছিলেন তার রন্ধনশিল্পের নানান কথা। আড্ডার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, রান্নার জগতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তানিয়া শারমিন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) স্বাদ ও স্বাস্থ্য অনুষ্ঠান নামে রান্নার প্রোগ্রাম করছেন রন্ধনশিল্পী তানিয়া শারমিন। এ ছাড়া অন্যান্য টিভি চ্যানেলেও রান্না প্রোগ্রাম করছেন নিয়মিত। রন্ধনশিল্পে অবদানের জন্য তিনি বাবিসাস অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার অর্জন করেছেন।
রান্না নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রবাস মেলাকে বলেন- ‘বাংলাদেশে রান্নাকে আমি একটি নতুন মাত্রায় দেখতে চাই এবং এ নিয়ে যথেষ্ট শ্রম ও মেধা দিতেও রাজি আমি। আমি চাই রান্নার ক্ষেত্রটা যেন আন্তর্জাতিক পরিমন্ডলেও প্রশংসা কুড়িয়ে আনে। ভারতীয় বা অ্যারাবিয়ান কুইজিনগুলো যেমন সারা বিশ্বে সমাদৃত তেমনি চাই আমাদের বাংলাদেশের রান্নাও যেন সবার মুখে মুখে থাকে।’