প্রবাস মেলা ডেস্ক: চীনের ২৫ কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ফেন্টানাইল উৎপাদনে রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। বুধবার (০৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ফেন্টানাইল হচ্ছে একটি শক্তিশালী ব্যথানাশক বা নিরাময়কারী যা মরফিনের মতো কাজ করে। এটি অতিরিক্ত সেবনে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ২০২২ সালে এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যুর জন্য দায়ী ছিল এই ধরনের ওষুধ।
চিকিৎসকরা ফেন্টানাইল বৈধভাবে ব্যবস্থাপত্রে লিখতে পারেন। কিন্তু বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে এমন ওষুধের প্রতি আসক্তির মাত্রা বেড়ে গেছে। এর অবৈধ উৎপাদন ও সেবনের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। ফেন্টানাইল এবং আরও বেশ কয়েকটি অবৈধ ওষুধ উৎপাদন ও বিতরণের জন্য চীন-ভিত্তিক একটি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা বলেছেন, ফেন্টানাইল বিতরণে কোম্পানিগুলো মিথ্যা ঠিকানা ও ভুল লেবেল ব্যবহার করে। যাতে আইন প্রয়োগকারী সংস্থা তাদের পণ্য চিহ্নিত করতে না পারে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে চীনের ১২টি কোম্পানি ও ১৩ জন ব্যক্তি। এর পাশাপাশি কানাডার দুটি সংস্থা ও একজন ব্যক্তিও তালিকায় রয়েছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সাংবাদিকদের বলেছেন, আমরা জানি কারা মার্কিন জনগণকে ফেন্টানাইল দিয়ে বিষ প্রয়োগ করছে। এ বিষয়ে জানতে চাইলে বার্তা সংস্থা রয়টার্সের যোগাযোগে কোনও সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।