প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বেড়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি দফতর খোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দফতরটির প্রধান হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ সেপ্টেম্বর) গত কয়েক বছরে বন্দুক হামলায় নিহতদের স্মরণে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও বন্দুক সহিংসতায় নিহতদের আত্মীয়দের উপস্থিতিতে বাইডেন বলেন, ‘ঝড়ের মতো বাড়তে থাকা বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্র ছারখার হয়ে যাচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে আমার নেতৃত্বাধীন প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই প্রচেষ্টার ধারাবাহিকতায় শিগগিরই একটি নতুন দফতর খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেটির কাজ হবে এ সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দফতরের প্রধান।’
এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘নষ্ট করার মতো আর সময় কিংবা জীবন- কোনোটাই আমাদের হাতে নেই। কারণ, প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত।’
প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ডাটাবেইজের তথ্য অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বন্দুক সহিংসতার জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৩৫টি বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দুক সহিংসতার দেশটিতে গত ৯ মাসে নিহত হয়েছেন অন্তত ১৭১ জন।
নতুন দফতর যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে কতখানি কাজে আসবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক মার্কিন রাজনীতি বিশ্লেষক।