প্রবাস মেলা ডেস্ক: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের পাহাড়ি জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৫০টি দমকল ইউনিটও তার মোকাবিলা করতে পারছে না। ২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে। খবর ডয়েচে ভেলের।
স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর। তিনি জানিয়েছেন, এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা। তিনি আরও জানান। ১৪টা বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল ইউনিট কাজ করছে। সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে নেমেছে। বুধবার দুপুরে সিপ্লেন এসেছে। এগুলি থেকে জল ফেলা হয়।
টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, রাতের দিকে আরও জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরও ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে। কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে। তবে টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনও চালু আছে বলে জানানো হয়েছে।