প্রবাস মেলা ডেস্ক: ঢালিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। সেখানকার একটি গণমাধ্যমের কাছে এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি। সায়ন্তিকা বলেন, ‘বাংলাদেশি একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। তবে এখনও নিশ্চিত নয়। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব।’
জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন তাজু কামরুল। তিনি বলেন, ‘সায়ন্তিকার সঙ্গে সিনেমাটির বিষয়ে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তার ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষায় আছে সিনেমাটির টিম।’
এতে নায়ক হিসেবে অভিনয় করবেন জায়েদ খান। যদিও এই ছবিতে অভিনয়ের খবরটি সত্য নয় বলে জানালেন এই নায়ক। তার কথায়, ‘দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে আমি দেশে ফিরেছি। এরপর আমি গ্রামের বাড়িতে চলে আসি। এখন সেখানেই অবস্থান করছি। এর মধ্যে কখন তার সঙ্গে আলোচনা হলো? এমন কিছু হলে তো আমি নিজেই জানাব। একটি মহল থেকে এমন গুজব ছড়ানো হয়েছে।’
টলিউডে সায়ন্তিকার অভিনয় ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। প্রথম সারির কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করলেও, নিজেকে মেলে ধরতে পারেননি। তাই বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত। কাজ করছেন মাঠ পর্যায়ে। এ কারণে গত কয়েক বছর ধরে তাকে কোনো সিনেমায় অভিনয় করতে দেখায় যায়নি।
এদিকে জায়েদ খানও তার মতো বেকার অভিনেতা। হাতে কোনো ছবি নেই। তবে ‘সোনার চর’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তা। সেটি কবে মুক্তি পাবে— সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এখন তিনি বিভিন্ন মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হাস্যরসাত্মক কথা বলে আলোচনায় থাকছেন।