রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, জর্ডানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযাদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করা হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও জর্ডানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন।

আলোচনা পর্বে জর্ডানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য জনাব আবদুল্লাহ আল মামুন এবং জনাব জালাল উদ্দিন বশীর বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সুদূরপ্রসারী অবদানের কথা স্মরণ করেন। মান্যবর রাষ্ট্রদূত মিস নাহিদা সোবহান তাঁর বক্তৃতার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী জাতির পুণঃর্গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তরুণ সমাজকে সংগঠিত ও সম্পৃক্ত করার মাধ্যমে দেশের জন্য ভবিষ্যত সুনাগরিক তৈরিতে অবদান রেখে গেছেন বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।