প্রবাস মেলা ডেস্ক: ‘প্রিয়তমা’ সিনেমার কথা এখন বাংলার দর্শকদের মুখে মুখে ঘুরছে। সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমাটি ঈদে মুক্তির পর থেকে এখনো হাউজফুল যাচ্ছে। শাকিবের পাশাপাশি ইধিকাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা। সেই দর্শকদের সঙ্গে বসে নিজের সিনেমা দেখলেন নায়িকা। তবে ঢাকায় এসে নিজেকে এড়ালে রেখে হলে গিয়েছেন ইধিকা।
কিছুদিন আগে ইধিকা জানিয়েছেন, মাকে নিয়ে খুব শিগগিরই সিনেমাটি দেখবেন তিনি। আর সেটি হবে বাংলাদেশের সিনেমা হলে বসে। গত শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইধিকা। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন তিনি। এরপর কলকাতা ফিরে সেই কথা জানিয়েছেন নিজ ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে। ইধিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, মুখে কালো রঙের মাস্ক পরে ‘প্রিয়তমা’র পোস্টারের দিকে তাকিয়ে আছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’
‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে ছবিটি দেখতে চাচ্ছিলেন। যেহেতু আমরা এখনও ইন্ডিয়াতে মুক্তি দিতে পারিনি এজন্য তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে এসে ছবিটি উপভোগ করে আবার ফিরে গেছেন।’
‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।