প্রবাস মেলা ডেস্ক: চীনে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুলের জিমনেসিয়াম ভবনের ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। ২৪ জুলাই ২০২৩, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির কর্মকর্তারা বলছেন, রোববার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমনেসিয়াম ভবনের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ধসে নিহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও শিশুদের প্রাণহানির ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি ভবনটির দায়িত্বে ছিলেন।