প্রবাস মেলা ডেস্ক: রূপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতার পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। ওয়ারী মৌজায় দখল হওয়া জমিসহ একটি বাড়ির চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ১৩ জুন ২০২৩, মঙ্গলবার দুপুরে তার কাছে বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সুজাতার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এই শিল্পী আজ অনেকটা অসহায়। গুণী এই অভিনেত্রী বনশ্রীর একটি ভাড়া বাসায় অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে তিনি নায়িকা সুজাতা আজিমের আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন। তার নির্দেশনা মতে ওয়ারীতে একটি সম্পত্তি অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক। এরপর তাকে ওই বাড়িটি হস্তান্তর করা হয়। এ সময় সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অভিনেত্রী সুজাতা একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া শিল্পকলার চলচ্চিত্র শাখায় অনবদ্য অবদানের জন্য তিনি ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।