মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সুদানের রাজধানী খার্তুম থেকে জীবনের ঝুঁকি নিয়ে পোর্ট সুদানে এসেছেন ১৫০ বাংলাদেশি। সহায়সম্বলহীন এসব বাংলাদেশির প্রত্যেকেই পার করছেন মানবেতর সময়। বাসস্থান না থাকায় দিন পার করছেন গাছের নিচে কিংবা নদীর পাড়ে। সরকারের কাছে দ্রুত দেশে ফিরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন এসব বাংলাদেশি। পোর্ট সুদানে আটকে পড়েছেন ১৫০ বাংলাদেশি। সেখানে মারধর করে নিয়ে যাওয়া হচ্ছে মালামাল। আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
সুদানের মাদ্রাসা, মসজিদের বারান্দায় এখন খোঁজ নিলেই দেখা যায় আশ্রয়প্রার্থী বাংলাদেশিদের। রাজধানী খার্তুম থেকে যারা সবাই এসেছেন পোর্ট সুদানে। তবে আটকে পড়া এসব বাংলাদেশি এখন আছেন স্থানীয় সুদানিদের তোপে। মারধর করে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসপত্র। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়েই অঞ্চলটিতে অবস্থান করছে বাংলাদেশিরা।
ভুক্তভোগীরা জানান, দেশটির বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে নিজ খরচে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সরকারের তরফ থেকে কোনো খরচ বহন করা হবে বলে জানান কনস্যুলেটের কর্মকর্তারা। এমন সংবাদে দুশ্চিন্তায় সময় পার করছেন তারা।
সাত সপ্তাহের বেশি সময় ধরে সুদানে সংঘর্ষ চলছে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে। জাতিসংঘ বলছে, এরই মধ্যে নিহত হয়েছেন প্রায় ১ হাজার মানুষ। অন্যদিকে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার।