হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড শহরের একটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ১১ জুন ২০২৩, রবিবার স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। ১২ জুন ২০২৩, সোমবার বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আনাপোলিসের পুলিশ প্রধান এডওয়ার্ড জ্যাকসন বলেছেন, স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে জরুরি কলে আনাপোলিসের প্যাডিংটন প্লেসের ১০০০ ব্লকের একটি বাড়িতে বন্দুক হামলার খবর পায় পুলিশ।
তিনি বলেন, ‘এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন ও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত তিনজনের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।’
পুলিশ প্রধান বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে বাড়ির বাইরেই নিহতের মরদেহ পাওয়া যায়।
এক বিবৃততে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।