প্রবাস মেলা ডেস্ক: গ্রিসের জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দ্য নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি), আর প্রেসিডেন্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থি সিরিজা পার্টি অনেকটাই পিছিয়ে রয়েছে। খবর বিবিসির।
২১ মে ২০২৩, রবিবার দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, এনডি ১৪৬ আসনে জয় পেয়েছে। ৩০০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসনে জয়। অর্থাৎ, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দলটির প্রয়োজন আরও ৬ আসন।
নির্বাচনী কার্যালয়ের দেয়া হিসাবে, এনডির পক্ষে রায় দিয়েছেন ৪১ শতাংশ ভোটার। সিরিজা পার্টির ঝুলিতে গেছে মাত্র ২০ শতাংশ ভোট।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এই জয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ অভিহিত করেছেন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনডিপ্রধানকে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে অথবা নতুন নির্বাচন চাইতে হবে।
বিশ্লেষকরা বলছেন, গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। সে ক্ষেত্রে কিরিয়াকোস মিতসোতাকিসের জন্য জোট সরকার গঠন করা কঠিন হবে। ফলে দ্বিতীয় দফা ভোট আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে।
এরই মধ্যে কিরিয়াকোস মিতসোতাকিস জোট গঠনের ‘অনিশ্চয়তার’ আঁচ পেয়ে নতুন নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, শক্তিশালী সরকার গঠনের জন্য নতুন নির্বাচনের দরকার হতে পারে।
গ্রিসের নির্বাচনী আইন অনুযায়ী, প্রথম দফায় এগিয়ে থাকা দল দ্বিতীয় দফার নির্বাচনে অতিরিক্ত আসন (বোনাস সিট) পাবে।
নির্বাচনে কয়েক ডজন দল অংশ নিলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মিতসোতাকিস ও তার মধ্যম দক্ষিণপন্থি দল এনডির সঙ্গে সিরিজা পার্টির। বামপন্থি এ দলের নেতৃত্ব রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
নির্বাচনে জয় পাওয়ায় কিরিয়াকোস মিতসোতাকিসকে অভিনন্দন জানিয়েছেন অ্যালেক্সিস সিপ্রাস।