মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৪১৫ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় ২১ মে ২০২৩ সকাল পৌনে ৮টায় জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি। বিমানটি হজের উদ্দেশ্যে রোববার ভোর ৩টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে আসে।
বিমানবন্দরে মুসল্লিদের শুভেচ্ছা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দা কনসাল জেনারেল, হজ কাউন্সিলরসহ সৌদি প্রশাসন। প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাতে পেরে খুশি মুসল্লিরা।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২২ হাজার ২শ ২১ জন মুসল্লি হজ করতে আসবেন। এরমধ্যে প্রথমদিনে মোট ৫টি ফ্লাইটে ২০৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে।
মক্কা ও মদিনায় হাজীদের থাকা, খাওয়া, নিরাপত্তা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবার প্রস্তুতির দাবি প্রশাসনের। এ বছর বিশ্বের প্রায় ৩০ লাখ মুসল্লিকে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব।