প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ পাকিস্তানি নিহত হয়েছেন, গুরুতর দগ্ধ হয়েছেন ৬ জন। তারা সবাই ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। ২০ মে ২০২৩, শনিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে।’
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রেডিও পাকিস্তানের মতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।