প্রবাস মেলা ডেস্ক: ৭৬তম আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে বেশ সম্মানের সঙ্গেই জায়গা করে নিয়েছে অরণ্য আনোয়ারের নির্মিত এ সিনেমাটি। উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম বিভাগে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হয়। ২০ মে ২০২৩, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছবিটির ওয়ার্লড প্রিমিয়ারে উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি দেখে উচ্ছ্বসিত আগত দর্শকরাও।
কানের মতো আন্তর্জাতিক একটি উৎসবে বাংলাদেশি সিনেমা প্রদর্শনের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের সিনেমা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর নির্মাতা অরণ্য সময় সংবাদকে বলেন, ‘কান ফেস্টিভ্যালে মূলত আমি যে কারণে এসেছিলাম, তার সবই পেয়েছি। তাই অনেক বেশি আবেগী হয়ে পড়েছি।’
১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মা’ সিনেমাটি। এর গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্য করেছেন অরণ্য আনোয়ার।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে নায়িকা পরীমণি অভিনয় করেছেন। সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ।
৭৬তম আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী ২৬ মে বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।