প্রবাস মেলা ডেস্ক: অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ মে ২০২৩, শনিবার নাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো: সাফায়েত ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। ১৭ মে আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। নোবেল চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি। ওই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করা হয়।