প্রবাস মেলা ডেস্ক: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিশ্ব দরবারে বাংলাদেশী কমিউনিটিকে তুলে ধরতে ‘বিশ্বজুড়ে বাংলা’ এই স্লোগানের সাফল্য আর ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে হাঁটি হাঁটি পা পা করে ৭ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে বাংলা টিভি। বিশ্বের নানান প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে স্যাটেলাইট টেলিভিশন হিসেবে বাংলা টিভি বেশ জনপ্রিয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলা টিভি যুক্তরাজ্যে সুদীর্ঘ ১৯ বছর সফলভাবে সম্প্রচারের পর বাংলাদেশে এটি সম্প্রচার কার্যক্রম শরু করে ৬ বছর আগে। ১৯ মে ২০২৩ এটি বাংলাদেশে ৭ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আগামী ১৯ মে ২০২৩ বাংলা টিভির কর্তৃপক্ষ এর সকল শুভাকাঙ্খীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে। এমনটি জানিয়েছেন বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।
উল্লেখ্য, ‘বাংলা টিভি আপনার ভাষায় কথা বলে’ এই স্লোগান নিয়ে সমগ্র ইউরোপে বাংলা টিভি, বাংলা ভাষায় এবং বাংলাদেশি মালিকানায় প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসেবে অগ্রযাত্রা শুরু করে। বাংলাদেশে স্যাটেলাইট টিভি শুরু হওয়ার আগে ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বাংলা টিভি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং তা পূর্ণাঙ্গ স্যাটেলাইট চ্যানেল হিসেবে ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। সারা বিশ্বে বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি প্রভৃতি তুলে ধরার প্রত্যয় নিয়ে বাংলা টিভির কার্যক্রম শুরু এবং সেই লক্ষ্যে বাংলা টিভি এখনো কাজ করছে। বাংলা টিভি ইউরোপ এবং আমেরিকাতে বাঙালি জনগোষ্ঠীর বাংলাদেশি সংস্কৃতির সাথে মেলবন্ধন, স্থানীয় রাজনীতি এবং সংস্কৃতির সাথে যুক্ত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে রোম, লন্ডন ও প্যারিসে বাংলা টিভির ব্যুরো অফিস রয়েছে। ইউরোপ জয়ের পর দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘বিশ্ব জুড়ে বাংলা’-এই স্লোগান নিয়ে বাংলা টিভি বাংলাদেশে ১৯ মে ২০১৭ সালে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করছে।