প্রবাস মেলা ডেস্ক: বর্ণিল আয়োজনে ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার প্রথমবার দুই বাংলার তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আইকনিক স্টার অ্যাওয়ার্ড। দেশের শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সালে শুরু হয় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’। দুই বাংলার যৌথ আয়োজন এবারই প্রথম। তাই উচ্ছ্বাস তারকাদের মধ্যেও।
এ ধরনের আয়োজন দুই বাংলার মেলবন্ধনে আরও ভূমিকা রাখতে পারে। এমন সুরই ঢালিউড, টালিউড তারকাদের কণ্ঠে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সংগীতশিল্পী ও দুই বাংলার বিশিষ্ট ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস, জিয়াউল রোশান, পূজা চেরি, ফেরদৌস, অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী, তাসনিয়া ফারিণ, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, সংগীতশিল্পী পূজাসহ আরও অনেকে।
কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা, আবির চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, শ্রীলেখা মিত্র, নির্মাতা অরিন্দম শীলসহ অনেকে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বারিশ হক, বাপ্পি চৌধুরী ও সেতু। বুলবুল টুম্পা ও পিয়াল হোসেনের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন দুই বাংলার অর্ধশত মডেল।
ভবিষ্যতে আরও বড় পরিসরে বসবে আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড, এমনটাই জানালেন আয়োজক পিয়াল হোসেন ও শর্মিষ্ঠা ঘোষ। ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩’- এর মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন।