প্রবাস মেলা ডেস্ক: চিত্রনায়ক শাকিব খানের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণ করার পর চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহকে জামিন দিয়েছেন আদালত। ২৬ এপ্রিল ২০২৩, বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রহমত উল্লাহ আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন আদালত।শুনানির সময় শাকিব নিজে অনুপস্থিত ছিলেন। তবে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান গণমাধ্যমকে জানান, শুনানির সময় শাকিব খান অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য আমরা আদালতের নিকট সময় চেয়েছি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। মামলায় চাঁদা দাবি এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬ এপ্রিল (বুধবার) আদালতে হাজির হতে সমন জারি করেন। গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খান আরও একটি মামলা করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
অন্যদিকে গত ১৩ এপ্রিল কটূক্তির অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।