প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতার বিশিষ্ট বাচিকশিল্পী মিথিলা মুখার্জী ও বাংলাদেশের লেখিকা মনিরা আক্তার। চা-চক্রে অংশ নিয়ে প্রবাস মেলা’র কলা-কুশলীদের সাথে তারা কিছু সময় কাটান। আড্ডায় আলোচনায় উঠে এসেছে তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানান বিষয়। আলোচনার এক ফাঁকে তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, মিথিলা মুখার্জী কোলকাতার একজন বিশিষ্ট বাচিকশিল্পী। এছাড়া তিনি মঞ্চ নাটকের নির্দেশক, নাট্যকার, মঞ্চের আলোকসজ্জা ও হস্তশিল্পের প্রশিক্ষক। তার হাত ধরে শিল্প-সংস্কৃতিতে আগ্রহী অনেক কিশোর-কিশোরী আবৃত্তিশিল্পী ও নাট্যশিল্পী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তার লেখা নাটকের বই ‘শ্রুতি রবীন্দ্রনাথ এবং শ্রুতি শ্রীময়ী’। জীবনের চাওয়া পাওয়ার মধ্যে তার সবচেয়ে আনন্দের সময় কাটে যখন তিনি শুনতে পান তার লেখা নাটক কোলকাতা তথা পশ্চিমবঙ্গের নানান মঞ্চে মঞ্চস্থ হচ্ছে।
অন্যদিকে মনিরা আক্তার বাংলাদেশের একজন নামকরা লেখিকা। বিশেষ করে তিনি প্রবন্ধ সাহিত্যে প্রাজ্ঞ একজন মানুষ। নারী অধিকার রক্ষায় একজন সোচ্চার কণ্ঠ। একসময় তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। এছাড়া তিনি আইনজীবী হিসেবেও কাজ করছেন।